
ভারতের রাজনীতিতে আলোচিত নাম রাঘব চাড্ডা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধাক্কা খেয়েছেন। দল পরিবর্তনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনি প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লাখ। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, তরুণদের কাছে জনপ্রিয় এই রাজনীতিকের হঠাৎ দল পরিবর্তনের সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আনফলো করার আহ্বান জানায়, যার প্রভাব দ্রুতই তার ফলোয়ার সংখ্যায় পড়ে।
উল্লেখ্য, রাজ্যসভায় তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েছিল। পাশাপাশি তার ব্যক্তিত্ব ও বক্তব্যও ব্যাপক প্রশংসিত ছিল।
রাঘব চাড্ডার জনপ্রিয়তার পেছনে তার ব্যক্তিগত জীবনও ভূমিকা রেখেছে। তার স্ত্রী পরিণীতি চোপড়া বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা, যা তাকে আরও বেশি আলোচনায় নিয়ে আসে।
Leave a Reply