রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার বন্দুক, কার্তুজ ও গুলিসহ মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম গোয়ালন্দ উপজেলার চর দেলুনদি গ্রামের আবজাল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকির হালিমকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ও পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন ডিবি পুলিশের অপর একটি দল রাজবাড়ী সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করে।
পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।