গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন।
এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মীও আগে থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন আবুল হাসান। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।