দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়। জেলাটিতে এ হার ৩ দশমিক ৫০। অন্যদিকে, সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, ১ দশমিক ৫০।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর বেশি প্রজনন হার মাদারীপুরে, ৩ দশমিক ৩০। নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০।
অন্যদিকে, যশোর, রাজবাড়ী ও নওগাঁয় প্রজনন হার ১ দশমিক ৭০। সর্বনিম্ন ১ দশমিক ৫০ হার নিয়ে তালিকার নিচে রয়েছে বাগেরহাট।
বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনায় ২ দশমিক ০০।
প্রতিবেদনে বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বড় পার্থক্যের তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৫৭ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে সাতক্ষীরা ৫৪ দশমিক ৮ শতাংশ, কুষ্টিয়া ৫২ শতাংশ, মেহেরপুর ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জ ৫০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, একই বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, ১৪ দশমিক ৩ শতাংশ।