
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থসহায়তা দেওয়ার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
স্ট্যাটাসে নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা ও সহিংসতার ঘটনায় মাশরাফির ইন্ধন ছিল বলেও দাবি করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠানোর পাশাপাশি সন্ত্রাসীদের দিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও ঘটিয়েছেন মাশরাফি।
রাশেদ খাঁন দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় তাঁর মধ্যে ক্ষোভ রয়েছে। সেই প্রতিশোধ নিতে তিনি অর্থ ব্যয় করে সহিংসতা ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে মাশরাফির সমর্থকদের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকেরা দাবি করছেন, বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি মাশরাফি। এ বিষয়ে মাশরাফির নিজের বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট মাশরাফির বাবা ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, মাশরাফি ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন।
স্ট্যাটাসের শেষাংশে মাশরাফির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময় তাঁর পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল, অথবা পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে মাশরাফি বিন মর্তুজার কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।