
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতার আনাগোনা কম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাজারে এলেও মাছ কিনতে গিয়ে বেকায়দায় পড়ছেন ক্রেতারা। নদ-নদীর মাছের কেজি ৯০০ থেকে ১ হাজার টাকার নিচে মিলছে না। বড় আকারের চাষের রুই-কাতলা কিনতে গুনতে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা।
বাজারে ইলিশের সরবরাহও কম। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে খরচ হচ্ছে দেড় হাজার টাকার বেশি।
মাছের বাজারে চড়া দামের কারণে মুরগির দোকানে ভিড় করলেও স্বস্তি নেই ক্রেতাদের। নতুন করে দাম না বাড়লেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার মুরগির দাম হয়েছে ৩৭০ টাকা। সোনালি মুরগি ৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রায় দুই মাস পর কমতে শুরু করেছে ডিমের দাম। এক ডজন লাল ডিম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে এখনো প্রতি ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা।
মাংসের দোকানেও বেচাকেনা কম। গরুর মাংসের কেজি ৭৮০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দুই পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে যে স্বস্তি ফিরেছিল, তা বেশি দিন স্থায়ী হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে ফলন ভালো হলেও বৈরী আবহাওয়া ও পরিবহন জটিলতায় রাজধানীতে সবজি আনতে ভোগান্তিতে পড়ছেন বিক্রেতারা। ফলে জেলা পর্যায়ে দাম কমলেও রাজধানীর বাজারে বেশির ভাগ সবজি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, সব ধরনের পণ্যের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় তাঁদের ক্রয়ক্ষমতা কমেছে। ফলে বাজারের পরিমাণও কমাতে হচ্ছে।