
ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে ভারত। নিউজিল্যান্ডের কোচ হিসেবে ড্যারেন বেজলির বিদায়ী ম্যাচে জয় তুলে নিয়েছে কিউইরা। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। গোল করেন ফিন সারম্যান, জেমস ম্যাকগ্যারি ও অধিনায়ক ক্রিস উড।
রোববার (১৫ নভেম্বর) ম্যাচজুড়েই ভারতের রক্ষণভাগের দুর্বলতা ও এলোমেলো কৌশল চোখে পড়ে। রক্ষণে ভারসাম্যের অভাবের পাশাপাশি আক্রমণেও কার্যকর চাপ তৈরি করতে পারেনি দলটি।
ম্যাচের প্রথম গোলটি আসে ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে। ক্যালাম ম্যাককাওয়াটের কর্নার ঠেকাতে এগিয়ে এসেও বলের নাগাল পাননি তিনি। বলটি পোস্টের কাছে পড়ে নিউজিল্যান্ডের ফিন সারম্যানের গায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে নিউজিল্যান্ড। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে দারুণ শটে জালে পাঠান জেমস ম্যাকগ্যারি। এরপর ক্যালাম ম্যাককাওয়াট ও জেসি র্যান্ডালের সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে সহজ ট্যাপে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ক্রিস উড।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ভারতের বদলি গোলরক্ষক হৃতিক তিওয়ারির কয়েকটি দুর্দান্ত সেভে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
এই আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে মোট আট গোল হজম করে ফিরছে ভারত। অন্যদিকে, বেজলির বিদায়ী ম্যাচে দাপুটে জয় দিয়ে তাঁকে বিদায় জানিয়েছে নিউজিল্যান্ড।