
শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ। এ জন্য বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।