দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জন মারা গেছেন।
এ সময়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ২৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।