
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে সবচেয়ে বেশি ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৩৮ জন, খুলনায় ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জন মারা গেছেন।