
পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে। ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, টিকটক ভিডিও ধারণের জন্য নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়েছিল। এ সময় সেটি খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়।
বাঘের হামলায় গুরুতর আহত তালহাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।
তদন্তে জানা গেছে, শুরুতে নোমান দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পরে তদন্তে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ বা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা ও অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।
পুলিশ আরও জানায়, ভিডিও ধারণের সময় বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খামারটিতে বাঘ রাখার অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য পরিচিত নোমান হাসান। তাঁর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড় দেয়।