
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বায়োগ্যাস প্ল্যান্ট। এ সম্ভাবনা কাজে লাগাতে আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ এবং উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে।
তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে আগামী এক মাসের মধ্যে বৃহৎ পরিসরে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
যুবসমাজকে মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলার উপযোগী মাঠ তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।