
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে ট্রেনটি স্টেশনের লাইনে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান একটি বগিতে আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। আগুনের ঘটনায় ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।