
আলভী মাহামুদ আলিফ
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গোটা জাতিকে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ফলে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি সংঘাত ও রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।
তিনি বলেন, দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। সে সময় জনগণের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া, যা জিয়াউর রহমান এনে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে সেনানিবাসের বাসায় বন্দি করে রাখা হয়েছিল। এতে একটি স্বাধীন জাতির বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়। চারদিকে শঙ্কা ও অরাজকতা বিরাজ করছিল। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি পাওয়ার মধ্য দিয়ে জাতি আবার নতুন করে পথের দিশা পায়।
রিজভী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের সুযোগ পেয়েছিল।