
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে সংসদে সমাধান চান ১১ দলীয় ঐক্যের নেতারা। তাঁর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, এক ভোটে ক্ষমতায় এসে আরেক ভোটের রায় মানছে না বিএনপি। নির্বাচনের আগে দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। অথচ এখন সেই অবস্থান থেকে সরে এসে গণভোটের রায় অস্বীকার করছেন। গোলাম পরওয়ারের ভাষায়, এটি স্পষ্ট দ্বিচারিতা।
ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, দলীয় কোন্দলের জেরে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় তাহসিফ সাউরির হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ার পরও বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার হত্যাকাণ্ডের খবর জানেন না প্রধানমন্ত্রী।