রাজধানীর গুলশানের ‘কিং ফিশার রেস্টুরেন্ট ও বার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এসআরবি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বারটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, অভিযানে রেস্টুরেন্টের নিবন্ধন খাতা, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে থাকা পণ্যের তথ্য যাচাই-বাছাই করা হয়। পরে বার কর্তৃপক্ষ সরবরাহ করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার।
অভিযানে পাওয়া অনিয়ম ও অসংগতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।