প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বাবা-মায়ের কাছে সন্তান পবিত্র আমানত। এই আমানতের দিকে কেউ কুনজর দিলে বাবা-মায়ের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার যে সংস্কৃতি চালু করেছেন, সেটিও ভুলে গেলে চলবে না।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শিশু কিংবা অন্য কারও প্রতি স্বাভাবিক আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কেউ হয়তো চুমু দেন। কিন্তু তাঁর আচরণে প্রভাবিত হয়ে অন্য কেউ একইভাবে আবেগ প্রকাশ করলে কিংবা দুশ্চরিত্র সুযোগসন্ধানীরা শিশুদের প্রতি কুনজর দিলে কী পরিণতি হতে পারে, তা টঙ্গীর ঘটনায় দেখা গেছে।
তিনি বলেন, ওই দলের প্রধান নেতা নেতিবাচক কোনো উদ্দেশ্যে চুমু দিয়ে ভালোবাসা বা আদর প্রকাশ করেন, এমনটা তিনি বলছেন না। তবে বর্তমান বাস্তবতা ও প্রেক্ষাপটে এ ধরনের চুমু কোনো শিশু বা ব্যক্তির জন্য অত্যন্ত বিব্রতকর। টঙ্গীর ঘটনার পর ওই দলের প্রধান নেতাও সংশোধন হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
টঙ্গীর ঘটনা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, চুমু দেওয়া কোনো শিক্ষকের কাজ নয়, এমনকি কোনো রাজনৈতিক নেতারও কাজ নয়। টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকন্যাকে ওই প্রতিষ্ঠানের এক অভিযুক্ত শিক্ষকের চুমু দেওয়া এবং পরে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি সামনে আসার পর অনেক বাবা-মাকে সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আবার এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাদ্রাসাশিক্ষার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তবে কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায় না। শিশুটির বাবাও তাঁর বক্তব্যে এমন বিষয় তুলে ধরেছেন।
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সারা দেশের মাদ্রাসাশিক্ষকেরা এসব ঘটনার প্রতিকার বের করতে উদ্যোগী হবেন, প্রতিবাদ জানাবেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেবেন।