দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার দুজন, ঢাকা উত্তর সিটি এলাকার একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগ ও এলাকাভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ৩৬৩ জন, খুলনায় ২৫৩, রাজশাহীতে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটি এলাকায় ১৪৮, রংপুরে ৯৩ এবং ময়মনসিংহে ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।