
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নানা প্রলোভন দেখানো হলেও তাঁরা সেসব প্রত্যাখ্যান করেছেন। জাতির সঙ্গে যে কেউ প্রতারণা করুক না কেন, বিরোধী দল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর’ উপলক্ষে মুক্ত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল চুপ করে বসে থাকবে না। নানা কারসাজি ও অনিয়মের পর জনগণ তাঁদের যে আসনগুলো দিয়েছে, সেই আসনের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় পাহারাদার হিসেবে কাজ করবেন।
তিনি আরও বলেন, বিএনপি বদলে গেলেও তাঁরা নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় আদায় করেই ছাড়বেন।
শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সন্তানদের জন্য সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁদের আন্দোলনের লক্ষ্য।
তিনি বলেন, আন্দোলনে কোনো ষড়যন্ত্রের পরোয়া করবেন না। তবে তাঁরা দেশকে ভালোবাসেন এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করেন না। ২০২৪ সালের আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে জ্বালাও-পোড়াওয়ের প্রয়োজন নেই। খালি হাতে, দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে রাস্তায় দাঁড়ালেই পরিবর্তন সম্ভব।