
শিক্ষায় অবহেলা, ব্যাপক সরকারি দুর্নীতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থিত একটি বিতর্কিত অবকাশযাপন কেন্দ্র নির্মাণ প্রকল্পকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন আলবেনিয়ার হাজারো শিক্ষার্থী। রাজধানী তিরানাসহ বিভিন্ন শহরে আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতেও পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানী তিরানার কেন্দ্রীয় স্ক্যান্ডারবেগ চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হলে তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে দাঙ্গা পুলিশ। সংঘর্ষের তীব্রতায় দেশটির সংসদ অধিবেশন বাতিল করতে হয়। রাজধানীর বাইরে শকোদ্রা, দুরেস, এলবাসান, কুকেস ও ভ্লোরা শহরেও আন্দোলন ছড়িয়ে পড়ে। শকোদ্রায় পুলিশের এক কমান্ডার গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম কারণ দক্ষিণ আলবেনিয়ার উপকূলে জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র নির্মাণ প্রকল্প। অভিযোগ রয়েছে, প্রকল্পটির জন্য সরকারি সম্পত্তি ও গ্রামবাসীদের জমি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। তবে কুশনারের বিরুদ্ধে সরাসরি অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনি চ্যালেঞ্জের মুখে থাকা প্রকল্পটি ঘিরে দীর্ঘদিনের অসন্তোষ শেষ পর্যন্ত গণবিক্ষোভে রূপ নিয়েছে।
এ ছাড়া শিক্ষার ব্যয় বৃদ্ধি, শিক্ষক ও কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার উচ্চমূল্য তরুণ প্রজন্মের ক্ষোভ আরও বাড়িয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও আন্দোলনে যোগ দিয়েছেন।
বিক্ষোভের জবাবে লিখিত বিবৃতিতে প্রধানমন্ত্রী এদি রামা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, জনগণের কথা শোনা এবং আলবেনিয়াকে এগিয়ে নেওয়াই তাঁর প্রধান দায়িত্ব। এ মুহূর্তে পদত্যাগ করা হবে আলবেনীয় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের আলোচনা সফলভাবে শেষ করার দায়িত্ব তাঁকে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বছর টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার পর এদি রামার সরকারের জন্য এটিই সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ অর্জনের যে লক্ষ্য আলবেনিয়া নির্ধারণ করেছে, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতা সেই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।