
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার দ্রুত অগ্রগতি হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
দুদক মহাপরিচালক বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৫৫টি মামলা এবং ১৬১টি অভিযোগপত্র অনুমোদন দিয়েছে সংস্থাটি। এ সময়ে ৬১টি ফাঁদ মামলা করা হয়েছে এবং ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা ও তথ্যব্যবস্থা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের নামে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।
এদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান নাজমুল হাসান।
এ ছাড়া, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।