
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে ব্যবসায়ী মো. ফজলুল হকের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেম্বার আদালত এ আদেশ দেন।
গত ২৬ জুলাই সরকার এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হককে নিয়োগ দেয়। পরে ২ আগস্ট রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআইয়ের ভবনে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট চার মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। ফলে ফজলুল হকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এদিকে, আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে রিটকারী আলাউদ্দিন আল মাসুমকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।