
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত সিসাসহ বিভিন্ন বিষাক্ত ভারী ধাতু থাকার খবরকে অপপ্রচার বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেশের বাজারে থাকা সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা সিসার উপস্থিতি পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা সিসা নেই। এ বিষয়ে প্রকাশিত খবরকে তিনি অপপ্রচার বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনেক নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দেওয়া যাচ্ছে। এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানতে পারবেন, পরীক্ষায় এতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক মো. ফজলুল হক।