
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলার কয়েক দিন আগে থেকেই সম্ভাব্য সামরিক হামলা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। ধারাবাহিক চারটি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার পর সৌদি আরবের আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত সপ্তাহে রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার আগে সাধারণ মানুষকে কেন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, সে বিষয়ে এখনো ব্যাখ্যা দেয়নি সৌদি সরকার।
এর আগে আগাম সতর্কবার্তার মাধ্যমে দেশটির নাগরিকদের চলমান সংঘাতের পরিস্থিতি সম্পর্কে জানানো হতো। তবে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের মধ্যে এসব সতর্কবার্তা সৌদি আরবের শান্তিপূর্ণ ভাবমূর্তি বজায় রাখার প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলছিল বলে ধারণা করা হচ্ছে।
রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলার সময় সতর্কবার্তা না থাকায় সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা, হামলা মোকাবিলার সক্ষমতা এবং দেশটির বাসিন্দা ও বিদেশি দর্শনার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন ওই অঞ্চলে কর্মরত পশ্চিমা ও আরব বিশ্বের চার কর্মকর্তা এবং কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক।
তাঁদের মতে, হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও সতর্কবার্তা বন্ধ রাখার সিদ্ধান্তের পেছনে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার চেষ্টাও কাজ করে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৌদি শিক্ষাবিদ ও গবেষণা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য নীতিবিষয়ক পরিষদের জ্যেষ্ঠ গবেষক সুলতান আলামের বলেন, সৌদি সরকার একই সঙ্গে সামরিক অভিযান পরিচালনা করতে এবং দেশের জনগণ ও বাইরের অংশীজনদের আশ্বস্ত রাখতে চাইছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় জরুরি ব্যবস্থাপনা, উদ্ধার ও অগ্নিনির্বাপণ সংস্থা আগাম সতর্কবার্তা জারি করে থাকে। তবে হামলার আগে সতর্কবার্তা না দেওয়ার কারণ জানতে সংস্থাটির পাশাপাশি সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরেও ই-মেইল পাঠিয়েছিল রয়টার্স। কিন্তু কোনো পক্ষই জবাব দেয়নি।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই কৌশল উল্টো ফল দিতে পারে। আগাম সতর্কবার্তার অনুপস্থিতি দেশটির মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সৌদি জরুরি প্রতিরক্ষা কর্তৃপক্ষ আবারও সতর্কবার্তা জারি করে। গত ২৯ সেপ্টেম্বরের পর এটিই ছিল তাদের প্রথম আগাম সতর্কতা। এতে রিয়াদ ও দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করা হয়।
তবে বিমানবন্দরে হামলার পর সতর্কবার্তা ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে পাঠানো অনুরোধেরও তাৎক্ষণিক জবাব দেয়নি সৌদি সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের সব দেশই ইরানি চালকবিহীন উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে সম্ভাব্য হামলার বিষয়ে জনসাধারণকে সতর্ক করার ক্ষেত্রে দেশগুলোর নীতিতে পার্থক্য রয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় প্রতিটি হামলার আগেই মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়েছে। জুলাইয়ে চালানো সর্বশেষ হামলাগুলোর সময়ও বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, বাহরাইন ও কুয়েত বারবার সাইরেন বাজিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সৌদি আরব মে মাসে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হতো। কিন্তু গত সপ্তাহের হামলার আগে হুতিদের আক্রমণের সংখ্যা বাড়তে থাকলেও ব্যবস্থাটি কার্যত নীরব ছিল।
সৌদি জরুরি প্রতিরক্ষা কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহের হামলার আগে সর্বশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল ২৯ সেপ্টেম্বর। ওই সতর্কবার্তায় দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের বাসিন্দাদের সতর্ক করা হয়।
তবে প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি ও বন্যার মতো পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিয়মিত সতর্কবার্তা দিয়ে গেছে। সোমবারও এ ধরনের সতর্কতা জারি করা হয়।
এ ছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা, হামলার স্থান কিংবা সংশ্লিষ্ট ছবি, গুজব ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গত মার্চে জারি করা সরকারি বিধিবিধানের আওতায় সোমবারও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।