সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকলেও দেশটির অন্যান্য পথে সীমিত পরিসরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর উড়োজাহাজটি আবার দাম্মামের উদ্দেশে যাত্রা করে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। এ ছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে আরেকটি উড়োজাহাজ ছেড়ে যাচ্ছে। ফলে সব পথে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়নি।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া উড়োজাহাজগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।
বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু