
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি আরও জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।
রোববার (১১ অক্টোবর) সংসদীয় ও দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ জানান, বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবস্থাপনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের সুফল তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা মূল্যায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, উৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর বা উসকানিমূলক ঘটনা এড়াতে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপের আয়োজনের সঙ্গে সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত থাকতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংসদ সদস্যরাও মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিফ হুইপ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।