
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে।
পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি মো. নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানায়, রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগে, ডিবি ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানায় এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।