জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মোট ১০ বছরের কারাদণ্ড দেন। পৃথকভাবে দেওয়া তিনটি সাজা একসঙ্গে চলবে বলে আদালত জানান। পাশাপাশি দুটি অভিযোগে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।
মামলায় ইনুর বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র ও বিভিন্ন সিদ্ধান্তে সম্পৃক্ততার অভিযোগসহ আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করলেও পাঁচটি অভিযোগ থেকে খালাস দেন।
প্রসিকিউশনের দাবি, প্রমাণিত অপরাধের গুরুত্ব ও মাত্রার তুলনায় ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। অন্যদিকে ইনু শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তার আইনজীবীরাও খালাস চেয়েছিলেন।