
রাশিয়ার কালিনিনগ্রাদে সরাসরি হামলা হলে পরমাণু অস্ত্রসহ দেশের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা মস্কোর নেই বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোয় ভালদাই আলোচনা ক্লাবের বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ডে আগ্রাসন হলে পাল্টা জবাব দেওয়া হবে। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ নিয়ে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই তার এ বক্তব্য এলো।
পুতিনের বক্তব্যের আগে ন্যাটো জানিয়েছিল, কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেওয়া হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া সতর্কবার্তা দিয়েছে। ন্যাটো এ ধরনের পারমাণবিক হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে, জোটটি প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।
পুতিন আরও বলেন, বাল্টিক সাগরে সামরিক মহড়া ও রুশ জাহাজ আটকের চেষ্টাকে মস্কো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছে। বিশ্ব বর্তমানে ‘বিপজ্জনক মুহূর্তের’ মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সংঘাত আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।