
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একীভূত প্যাকেজ চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর আওতায় হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে পরিচালনা করা হবে।
সৌদি আরবের মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এ প্যাকেজে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোর সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবার। এর বাইরে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সেবাও যুক্ত করা যাবে।
নতুন ব্যবস্থায় বিদেশি হজবিষয়ক দপ্তর ও এজেন্সিগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সাজাতে পারবে। মন্ত্রণালয়ের মতে, এতে চুক্তি ও সেবা ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ হবে।
১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্ত নিয়ে আলোচনা করছে সৌদি কর্তৃপক্ষ।
ডিজিটাল হজ ব্যবস্থাপনা সম্প্রসারণের অংশ হিসেবে চুক্তি, সেবা পরিচালনা ও ভিসা-সংক্রান্ত কার্যক্রমও ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থা সৌদি আরবের ভিশন ২০৩০ ও হাজিদের অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যেও যুক্ত।