
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। পরে স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ডটি এনসিপির নেতাকর্মীরা সরিয়ে দেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, হামলায় স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়েছে। ঘটনার সঙ্গে বিএনপির একজন এমপি, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও ভাঙচুরের সময় তারা সরে যায় বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তিনি দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে দ্রুত চিকিৎসাসেবা চালুর দাবি জানান। একই সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখল করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।