
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাওয়ার সময় যান্ত্রিক সমস্যায় পড়ে। পরে পাইলট কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে জানান, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সামরিক সদস্য, বেসামরিক নাগরিক এবং দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য ছিলেন। দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে বিমানটি কীভাবে দুর্ঘটনায় পড়ল এবং এর পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হবে।