
আগ থেকেই চড়া ছিল মাছের বাজার। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে মাছের সরবরাহ থাকলেও কমেনি দাম। বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
চাষের রুই-কাতলার দাম কেজিতে ৪০০ টাকা ছাড়িয়েছে। নদীর মাছের ক্ষেত্রে কেজিপ্রতি দাম উঠেছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। ইলিশের সরবরাহ ভালো থাকলেও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সবজির বাজারেও। গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীদের আশা, কয়েক সপ্তাহ পর শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে এতে স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে।
এদিকে ডিমের বাজারেও রয়েছে বাড়তি দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে প্রায় ১৪৫ টাকা, আর পাড়া-মহল্লার দোকানে দাম উঠছে ১৫০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ১০ টাকা বেড়েছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩৭০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস প্রায় ১ হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।