জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত হুমকি শীর্ষক উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৪-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৮১তম অধিবেশনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তৈরি হওয়া বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় **সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির** ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।