
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে আবারও সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে মরিয়মের আত্মহত্যার পেছনে অভিমান ও পারিবারিক বিভিন্ন সমস্যার বিষয় উঠে এসেছে। মামলার মূল রহস্য উদঘাটনে গাজী নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলায় ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন এবং মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। রিমান্ড শেষে মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। পরে ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।