
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসায় তিনি প্রাণে বেঁচেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির ব্লেয়ার টাউনশিপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের এবং মিশিগানের আলপেনা কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
দুর্ঘটনার আগে একই বহরের আরেক পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তার সঙ্গে থাকা যুদ্ধবিমানটি সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে। তবে সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
বিমানটি আবাসিক এলাকার কাছের একটি মাঠে বিধ্বস্ত হলে সেখানে বড় ধরনের আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিরাপদ হলে তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।
বিমানটির একমাত্র পাইলটকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনায় অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ এবং যুদ্ধবিমানটির কী ধরনের ত্রুটি হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।