
ভর্তুকির পণ্য বিতরণে অনিয়ম, অপচয় ও প্রকৃত উপকারভোগী শনাক্তের সমস্যা কমাতে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থায় যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিজিটাল কার্ড, মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) রিয়েল-টাইম মনিটরিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রযুক্তির মাধ্যমে টিসিবির সেবা আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। ডিজিটাল পরিচয় ও এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে উপকারভোগীর পরিচয় ও পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে। ফলে কার্ড হারিয়ে গেলেও প্রকৃত উপকারভোগী সেবা থেকে বঞ্চিত হবেন না এবং অন্যের কার্ড ব্যবহারের সুযোগও কমবে।
টিসিবি জানায়, ডিজিটাল রূপান্তরের আগে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
নতুন ব্যবস্থায় অল-ইন-ওয়ান পিওএসের মাধ্যমে পণ্য বিক্রি, বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট ও তাৎক্ষণিক বিক্রয় রশিদের ব্যবস্থা থাকবে। এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় পণ্য বিতরণ, বিক্রির গতি ও অস্বাভাবিকতা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
এ ছাড়া উপকারভোগীদের তথ্য ও সহায়তার জন্য এআইভিত্তিক কন্টাক্ট সেন্টার এবং ডিলারদের জন্য অনলাইন ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারী বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নির্বাচন এবং অনলাইন পেমেন্ট সংগ্রহের ব্যবস্থাও থাকবে।
বাণিজ্যমন্ত্রী জানান, ডিজিটাল রূপান্তর ও ব্যবস্থাপনা সংস্কারের ফলে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে। আগামী চার-পাঁচ বছরে প্রযুক্তি ও সঠিক উপকারভোগী নির্বাচন করে ভর্তুকির অপচয় আরও কমানোর লক্ষ্য রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।