
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। একই সঙ্গে ঋণগ্রহীতাদের জন্য রাখা হয়েছে ছয় মাসের গ্রেস পিরিয়ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক প্রাক-অর্থায়ন দেবে। এর মাধ্যমে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যক্রমে ফেরাতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ তৈরি হবে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদ দিতে হবে। তবে অর্থ পাওয়ার পর প্রথম ছয় মাস কোনো সুদ পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পরিশোধ করতে হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকে জমা হওয়া সুদও পরিশোধের আওতায় থাকবে।
অন্যদিকে, ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেবে, তার সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে সুদ আদায় করা যাবে না। এরপর নিয়মিত সুদ আদায়ের পাশাপাশি গ্রেস পিরিয়ডে জমা হওয়া সুদও নির্ধারিত নিয়মে আদায় করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্কিমটির মেয়াদ তিন বছর। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে এ সময়ের মধ্যে ব্যাংকগুলো যেকোনো সময়ে প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।
স্কিমের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, ঋণের ব্যবহার ও আদায় পরিস্থিতি যথাযথভাবে তদারক করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ওপর দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা সার্কুলারটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।