
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।
নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৭৪১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন রয়েছেন।