
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং আশরাফুল শেখের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বর্ষার পানিতে এলাকার নিচু মাঠ তলিয়ে যায়। দুপুরে শিশুরা সেখানে গোসল করতে গেলে একপর্যায়ে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর দুই শিশুও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।