
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, গত ১৭ বছরে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে রাজনীতির প্রতি এমন এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে যে, অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নন। তবে দেশ ও সমাজের জন্য রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দক্ষ ও যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী হবে না।
তথ্যমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এ জন্য সৎ ও যোগ্য মানুষকে নেতৃত্বে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের মেধাবী ও যোগ্য তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করা। তরুণদের উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে যুক্ত হতে পারেন।