
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ সামলাতে ইরান আর বেশি দিন সক্ষম নয়। ইরান মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে চায় এবং এমন একটি দুর্বল সরকার প্রত্যাশা করছে, যারা তেহরানের ওপর চাপ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনা হতে পারে জানিয়ে ট্রাম্প বলেন, সেখানে পারমাণবিক ইস্যুর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আলোচনায় আসতে পারে। তবে এখনই কোনো চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে না।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে এবং দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমবে বলেও পূর্বাভাস দেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনের পর প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলারের নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি হরমুজ প্রণালিতে সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ তুলে ইরানের প্রায় নয়টি তেলবাহী জাহাজ অচল করার দাবি করেন তিনি।