
মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (২৮) নামে এক কাতারপ্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আইভী আক্তার কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আইভী তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় কালাম শরীফ ও তার স্ত্রী জরুরি কাজে বাইরে গেলে আইভী ঘরে একা ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
রাত আনুমানিক ৮টার দিকে কালাম শরীফ বাড়ি ফিরে আইভীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডাকাতি, পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।