
দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলমুখী করা ও ঝরে পড়া রোধে ‘মিড-ডে মিল’, বিনামূল্যে স্কুল ড্রেসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ধরে রাখতে প্রয়োজনে অতিরিক্ত সুবিধা যুক্ত করতেও সরকার প্রস্তুত।
তিনি বলেন, শুধু অক্ষরজ্ঞান নয়; নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য তুলে ধরে জানানো হয়, গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে স্থির রয়েছে। এখনও দেশের প্রায় ২২ শতাংশ বা চার কোটির মতো মানুষ নিরক্ষর।
এ পরিস্থিতিতে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু ও বয়স্কদের প্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান বক্তারা।