উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরি করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ লক্ষ্যে ক্রিয়েটিভ ইকোনমি মডেলের আওতায় তৃণমূল পর্যায়ে বিপুলসংখ্যক উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বড় বড় প্রকল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম।
নতুন পণ্য ও ভিন্নধর্মী ব্যবসায়িক উদ্যোগকে অর্থায়নের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, দেশে এমন অনেক পণ্য রয়েছে, যেগুলোর বৈশ্বিক বাজারে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাজার তৈরি ও উদ্যোক্তাদের বিকাশে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, অর্থের অভাবে পিছিয়ে পড়া তৃণমূলের উদ্যোক্তাদের সহায়তায় কর্মসংস্থান ব্যাংক এ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তারা ৫ থেকে ৬ শতাংশ সুদে ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
প্রাথমিক পর্যায়ে দেশের তিন জেলার ২০টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু করা হচ্ছে।