
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯৫.৫২ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮০ সেন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে ৯১.০২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবারও উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।