নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতীতে একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে ভারতের কুশিনগরে গণ্ডক নদী থেকে আরও ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। উদ্ধার ও তল্লাশি অভিযানে ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাত জানান, সোমবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৯ জনে দাঁড়িয়েছে।
দুর্গত এলাকায় অন্তত ১৬টি হেলিকপ্টার মোতায়েন করে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা থেকে ২৫৪ জন শ্রমিক ও কারিগরকে উদ্ধার করা হয়েছে। টানেলে আটকা ও নিখোঁজদের উদ্ধারে ভারত ও চীনের বিশেষজ্ঞরাও সহায়তা করছেন।
এদিকে ৯২৭টি মরদেহ ময়নাতদন্ত ও সংরক্ষণের জন্য সিল করা হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৫১টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো ৭২৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বন্যায় ঘরবাড়ি হারানো ২ হাজার ৯৭০ জনের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিষ্ণুমতী নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় কাঠমান্ডুর গঙ্গাবু এলাকার নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।