
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সবার বেতন দ্বিগুণ হবে—বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘদিন নতুন বেতন স্কেল না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেকের বর্তমান বেতন ইতোমধ্যে বেড়েছে। তাই নতুন স্কেলে প্রকৃত বেতন কতটা বাড়বে, তা সবার ক্ষেত্রে এক হবে না।
তথ্য উপদেষ্টা জানান, নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ রয়েছে। প্রথম ১০টি গ্রেডে সর্বোচ্চ ১০০ শতাংশ এবং পরের ১০টি গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এতে গ্রেড-১ থেকে গ্রেড-২০-এর মধ্যে বেতন বৈষম্য কিছুটা কমবে।
তিনি বলেন, বিপুলসংখ্যক সরকারি কর্মচারীর বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। তবে সরকার মূল্যস্ফীতির কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যবস্থা ব্যবহারের উদ্যোগ নেবে।
তার ভাষ্য, দেশে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরেই উচ্চ পর্যায়ে রয়েছে। এটি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে সহনীয় ধরা যায়। বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলেও জানান তিনি।