
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রীর নিয়মিত সংসদ অধিবেশনে অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এটি সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের বার্তা বহন করে। তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন।
আইপিইউ মহাসচিব জানান, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী সংস্থাটি। পাশাপাশি তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, তরুণ ও নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি তার সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথা জানান তিনি।