
দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার আগে এসব দাবি জানানো হয়।
বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুম-সংক্রান্ত অধ্যাদেশগুলো হুবহু পাসের দাবি জানান। গুম-খুনে জড়িত ব্যক্তি, রাজনৈতিক দল ও সংস্থাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।
পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। পরে সংসদ ভবনের প্রধান ফটকে সমাবেশ শেষে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি দেওয়া হয়।